হ্যাঁ ভোট দিলে ব্যাংকে রাখা টাকা নিরাপদ থাকবে: প্রেস সচিব

0
43

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মানুষ এখন স্পষ্টভাবে বুঝে গেছে যে হ্যাঁ ভোট দিলে ব্যাংকে রাখা টাকা নিরাপদ থাকবে, পরিবার-পরিজনের সুরক্ষা নিশ্চিত হবে এবং রাষ্ট্র এমন একটি পথে অগ্রসর হবে, যেখানে মানুষের অধিকার অক্ষুণ্ণ ও সমুন্নত থাকবে। এ কারণেই সারাদেশে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে জনমতের জোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার সকালে ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া এলাকায় বুচাই পাগলার মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রেস সচিব। তিনি বলেন, হ্যাঁ ভোটের মাধ্যমেই দেশে আর স্বৈরাচার, অনাচার ও অত্যাচারের প্রত্যাবর্তন ঘটবে না। নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে এবং একটি ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।

নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম জানান, নির্বাচন কমিশন বারবার আশ্বস্ত করেছে যে ভোট গ্রহণে কোনো সমস্যা হবে না, যদিও ভোট গণনায় কিছুটা সময় লাগতে পারে। এ সময় তিনি জনগণকে শান্ত ও ধৈর্য ধরে ভোট প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান।

বুচাই পাগলার মাজার সম্পর্কে তিনি বলেন, এটি কেবল একটি ধর্মীয় স্থান নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এখানে বাউল গানের মেলা অনুষ্ঠিত হয়, যেখানে দেশের খ্যাতনামা বাউল শিল্পীরা অংশ নেন। মাজারসংলগ্ন মাঠে আয়োজিত এই মেলা বাংলাদেশের বহুত্ববাদী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, বাংলাদেশ অলি-আউলিয়া ও পীর-দরবেশদের দেশ। তাদের হাত ধরেই এ ভূখণ্ডে ইসলামের প্রসার ঘটেছে। মাজারে হামলা বা ভাঙচুর অত্যন্ত নিন্দনীয় কাজ বলে উল্লেখ করে তিনি বলেন, কারও পছন্দ না হলে সেখানে না যাওয়ার সুযোগ আছে, কিন্তু আঘাত বা ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বুচাই পাগলার মাজারে তৌহিদি জনতা নামধারী একদল লোক ভাঙচুর চালায়। ওই ঘটনায় আদালতের নির্দেশে ধামরাই থানা পুলিশ বাদী হয়ে মামলা করে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। সম্প্রতি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে মাজারটি সংস্কার করা হয়েছে।

সাংবাদিকদের নিরাপত্তা প্রসঙ্গে প্রেস সচিব বলেন, সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের হামলা নিন্দনীয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু সরকারের নয়, রাজনৈতিক দল ও সব নাগরিকের সম্মিলিত দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকরা এবারের নির্বাচন সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে কাভার করতে পারবেন।

মাজার পরিদর্শনের সময় প্রেস সচিবের সঙ্গে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ সালমান হাবীব, সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি এবং ধামরাই থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।