‘কিছু দল দেশের প্রতি ভালোবাসার কথা বললেও গোপনে আমেরিকার সঙ্গে বৈঠক করে’: রেজাউল করীম

0
30

ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন একা নয়; বরং অন্যরাই একা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ইসলামী আন্দোলন দেশকে ভালোবাসে, অথচ কিছু দল দেশের প্রতি ভালোবাসার কথা বললেও গোপনে আমেরিকার সঙ্গে বৈঠক করে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং আমতলি মাদ্রাসা মাঠে মুন্সীগঞ্জ-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কে এম বিল্লাল হোসাইনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, জুলাই অভ্যুত্থানের পর একশ্রেণির ক্ষমতালোভী গোষ্ঠী এককভাবে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখতে শুরু করে। ইসলামী আন্দোলন তখন সরল মনে রাজনৈতিক পথচলায় ছিল। কিন্তু ওই গোষ্ঠী নানা ষড়যন্ত্রের জাল বুনে পরিস্থিতিকে ভিন্ন দিকে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, যারা ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে ষড়যন্ত্র করেছে, তারা শরিয়া আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ইসলামপ্রিয় মানুষ তাদের ছেড়ে ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।

অন্যান্য ইসলামী দলগুলোর প্রসঙ্গ টেনে ইসলামী আন্দোলনের আমির বলেন, যেসব ইসলামী দল একসময় তাদের সঙ্গে ছিল, সেসব দলের উল্লেখযোগ্য নেতাদের আসনে প্রার্থী দেওয়া হয়নি। অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি আসনে প্রার্থী দিয়েছে। এর মাধ্যমে অন্যদের আটকে রেখে ইসলামী আন্দোলনকে সামনে আনার চেষ্টা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শেষে তিনি মুন্সীগঞ্জ-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী কে এম বিল্লাল হোসাইনের পক্ষে ভোট প্রার্থনা করেন।