বরগুনা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. সুলতান আহমদ বলেছেন, বিএনপিতে যত রাজাকার ও পাকিস্তানপন্থী ব্যক্তি রয়েছে, জামায়াতে ইসলামীতে তার দশ ভাগের এক ভাগও নেই। তিনি দাবি করেন, ১৯৭১ সালের ঘটনা নিয়ে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়, তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালী বাজারসংলগ্ন এলাকায় জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. সুলতান আহমদ। তিনি জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শুরা সদস্য।
বক্তব্যে ডা. সুলতান আহমদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সাম্প্রতিক বক্তব্য একান্তই ভুল ও বাস্তবতাবিবর্জিত। তারেক জিয়ার প্রথম বক্তৃতায় জামায়াতে ইসলামীকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে, তা সঠিক নয় বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের ঘটনা নিয়ে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যেভাবে অভিযোগ আনা হচ্ছে, তা সত্যের সঙ্গে মিল নেই। বরং বিএনপির মধ্যেই বেশি সংখ্যক রাজাকার ও পাকিস্তানপন্থী লোক রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপিতে যত রাজাকার ও পাকিস্তানপন্থী লোক আছে, জামায়াতে ইসলামীতে তার দশ ভাগের এক ভাগও নেই।
বক্তব্যের একপর্যায়ে ডা. সুলতান আহমদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, একসময় রাজনৈতিক বৈঠক তাঁর বাসায় অনুষ্ঠিত হয়েছে এবং তাঁদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল।
পাথরঘাটার মানুষ ইতিহাস সম্পর্কে সচেতন উল্লেখ করে তিনি বলেন, এ এলাকার বয়োজ্যেষ্ঠ মানুষরা ভালো করেই জানেন, কারা তখন পাকিস্তানের পক্ষে ছিল। এই বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।