ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার নির্বাচনী ইশতেহার ঘোষণা

0
24

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি ‘ফুটবল’ প্রতীক নিয়ে ভোটারদের উদ্দেশে এলাকার উন্নয়নসংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।

ইশতেহারে ডা. তাসনিম জারা ঢাকা-৯ এলাকার দীর্ঘদিনের নাগরিক বঞ্চনা দূর করে আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য জনপদ গড়ে তোলার অঙ্গীকার করেন। গ্যাস সংকট ও জলাবদ্ধতার স্থায়ী সমাধানের পাশাপাশি ‘সেবা না দিলে বিল নয়’ নীতি চালুর প্রতিশ্রুতি দেন তিনি। গ্যাস সরবরাহ না থাকলে মাসিক বিল মওকুফের প্রস্তাব সংসদে উত্থাপন করা হবে বলেও জানান। একই সঙ্গে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তিনি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন। প্রায় আট লাখ মানুষের চিকিৎসাসেবায় নিয়োজিত এই হাসপাতালের জনবল সংকট দূর করা, কমিউনিটি ক্লিনিকগুলোকে মিনি-হাসপাতালে রূপান্তর এবং ডেঙ্গু প্রতিরোধে স্থায়ী মশা নিধন স্কোয়াড গঠনের অঙ্গীকার রয়েছে তার ইশতেহারে।

এলাকাকে নিরাপদ ও মাদকমুক্ত করতে নারী নিরাপত্তা জোরদার করার পরিকল্পনার কথাও জানান ডা. জারা। স্কুল, কলেজ ও গার্মেন্টস এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে সিসি ক্যামেরা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে। গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর প্রতিশ্রুতিও দেন তিনি।

শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনার লক্ষ্যে স্কুল ভর্তিতে কোনো ধরনের রাজনৈতিক কোটা বা সুপারিশ থাকবে না বলে স্পষ্ট করেন ডা. তাসনিম জারা। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে আধুনিক ল্যাব, কোডিং ক্লাব ও কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার পরিবেশ তৈরির মাধ্যমে তরুণ প্রজন্মকে বিশ্ববাজারের জন্য প্রস্তুত করার পরিকল্পনার কথাও জানান।

এছাড়া কর্মজীবী মায়েদের সহায়তায় প্রতিটি ওয়ার্ডে সরকারি ভর্তুকিতে কমিউনিটি ডে-কেয়ার সেন্টার স্থাপন এবং তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য জামানতবিহীন সহজ ঋণের ব্যবস্থা করার অঙ্গীকার রয়েছে তার ঘোষণায়।

নির্বাচনের পর জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখতে স্থায়ী কার্যালয়, ডিজিটাল অভিযোগ ব্যবস্থাপনা ও এমপির সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ নিশ্চিত করার কথাও জানান তিনি।

ভোটারদের উদ্দেশে ডা. তাসনিম জারা বলেন, তিনি পেশাদার রাজনীতিবিদ নন, বরং এই এলাকারই একজন মানুষ। এলাকার উন্নয়ন ও মানুষের সেবার সুযোগ হিসেবে তিনি রাজনীতিতে এসেছেন। ঢাকা-৯-এর পরিবর্তনের জন্য ভোটারদের ‘ফুটবল’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।