দেশে স্বর্ণ ও রুপার দামে নতুন রেকর্ড

0
15

দেশের বাজারে আবারও লাফিয়ে বেড়েছে স্বর্ণ ও রুপার দাম, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্যের নতুন রেকর্ড গড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আজ শনিবার থেকে সারাদেশে নতুন এই বর্ধিত মূল্যে মূল্যবান ধাতু দুটি কেনাবেচা হচ্ছে। এর আগে গত ২৩ জানুয়ারি স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার কারণ দেখিয়ে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই মূল্যবৃদ্ধির ঘোষণা দেয় সংগঠনটি।

নতুন মূল্যতালিকায় সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ২৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২১ ক্যারেট ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকায় বিক্রি হচ্ছে। তবে ক্রেতাদের জুয়েলারি দোকান থেকে গহনা কেনার সময় এই মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি অতিরিক্ত পরিশোধ করতে হবে।

স্বর্ণের পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ভরিতে ৫২৫ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৬ হাজার ৮৮২ টাকায়, যা রুপার ক্ষেত্রেও দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। এছাড়া মানভেদে ২১ ক্যারেট ৬ হাজার ৫৩২ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ১৯৯ টাকা। বিশ্ববাজার ও স্থানীয় চাহিদার প্রেক্ষাপটে মাত্র কয়েক দিনের ব্যবধানেই বাজুসকে এই বিশাল দর সমন্বয়ের সিদ্ধান্ত নিতে হয়েছে।