নানা কর্মসূচির মধ্য দিয়ে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী পালন

0
51

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার (২৪ জানুয়ারি)। দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে স্মরণ করছে বিএনপি।

সকালে রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলের সিনিয়র নেতারা সেখানে উপস্থিত হয়ে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এ উপলক্ষে কুরআন খতমের আয়োজনও করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এ ছাড়া বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই দিনে বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়েও মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। দুই দিন পর তার মরদেহ দেশে এনে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়।

এক-এগারোর প্রেক্ষাপটে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ঢাকা সেনানিবাসের মঈনুল রোডের বাসা থেকে তৎকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ২০০৮ সালের ১৭ জুলাই জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য বিদেশে যান তিনি এবং মৃত্যুর আগ পর্যন্ত মালয়েশিয়ায় অবস্থান করেন।

ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত আরাফাত রহমান কোকো বাংলাদেশ ফুটবলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার অকাল মৃত্যু বিএনপি ও দেশের ক্রীড়াঙ্গনে শোকের আবহ সৃষ্টি করে।