ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নীলফামারী–৪ (কিশোরগঞ্জ–সৈয়দপুর) আসনের তিন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সহকারী রিটার্নিং কর্মকর্তা।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা বিষয়টি নিশ্চিত করেন।
কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৮ অনুযায়ী ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো নিষিদ্ধ। কিন্তু জাতীয় পার্টির প্রার্থী মো. সিদ্দিকুল আলম এই বিধি লঙ্ঘন করে গত ২০ জানুয়ারি সৈয়দপুর শহরের রেলওয়ে মাঠে সৈয়দপুর প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের অনুষ্ঠানে ভোট প্রার্থনা করেন।
এছাড়া একই বিধিমালার বিধি ৭ (ঙ) অনুযায়ী কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান দলীয় প্রধানের ছবি ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল বা ফেস্টুনে ব্যবহার করতে পারবেন না। তবে বিএনপির প্রার্থী মো. আব্দুল গফুর সরকার এই বিধি লঙ্ঘন করেছেন বলে নোটিশে উল্লেখ করা হয়।
অন্যদিকে জামায়াতে ইসলামির প্রার্থী আব্দুল মুনতাকিম নির্বাচনী প্রচারণায় রঙিন লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহার করে বিধি ৭ (ঙ) লঙ্ঘন করেছেন বলেও অভিযোগ আনা হয়েছে।
নোটিশে তিন কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা জানান, জবাব পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।