ফের বিয়ে করলেন জনপ্রিয় সেই পাখি

0
34

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার নতুন জীবনের পথে পা রেখেছেন। ‘পাখি’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দুই বাংলায় অসংখ্য দর্শকের ভালোবাসা পাওয়া এই অভিনেত্রী শুক্রবার (২৪ জানুয়ারি) সরস্বতী পূজার রাতে দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে আইনি ও সামাজিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বাঙালি ঐতিহ্যকে ধারণ করে বিয়ের অনুষ্ঠানে মধুমিতাকে দেখা যায় লাল বেনারসি শাড়িতে। সোনার গয়না, কপালে লাল টিপ আর পরিপাটি সাজে তিনি মুগ্ধ করেন উপস্থিত সবাইকে। বর দেবমাল্য চক্রবর্তীও লাল পাঞ্জাবিতে ধরা দেন বিয়ের আসরে। ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও কয়েকজন টলিপাড়ার তারকার উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। মন্ত্রোচ্চারণ ও অগ্নিসাক্ষীর মাধ্যমে সাতপাকে বাঁধা পড়ে নতুন জীবনের সূচনা করেন এই যুগল।

মধুমিতা ও দেবমাল্যের প্রেমের সম্পর্ক পাঁচ বছরেরও বেশি সময় ধরে চলছিল। গত বছরের মার্চ মাসেই অভিনেত্রী জানিয়েছিলেন, শিগগিরই তারা বিয়ের পরিকল্পনা করছেন। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটল।

উল্লেখ্য, এটি মধুমিতা সরকারের দ্বিতীয় বিবাহ। এর আগে তিনি সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও ২০১৯ সালে সেই সম্পর্কের ইতি ঘটে। পরকীয়ার অভিযোগের পর দু’জনের বিচ্ছেদ হয়।