উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানী করার ঘোষণা জামায়াত আমিরের

0
47

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘোষণা করেছেন যে, জামায়াত সরকার গঠন করতে পারলে উত্তরবঙ্গের মৃতপ্রায় নদীগুলো পুনর্জীবিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী এস এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দশ দলীয় ঐক্য জোটের নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। তিনি বিশ্বাস করেন, নদীর জীবন ফিরে পেলে উত্তরবঙ্গের সামগ্রিক অর্থনীতি ও জনজীবন আবারও সচল হবে।

ডা. শফিকুর রহমান তাঁর বক্তব্যে উত্তরবঙ্গকে একটি কৃষিভিত্তিক রাজধানীতে রূপান্তর করার পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, এ অঞ্চলের সাধারণ মানুষ বিলাসিতা চায় না, বরং তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে সহজ-সরল জীবন কাটাতে চায়। তাদের এই পরিশ্রমের সঠিক মূল্যায়ন ও উপযুক্ত ক্ষেত্র তৈরি করে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। কৃষি খাতের আধুনিকায়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমেই এই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে বলে তিনি জানান।

সমাবেশে আন্তর্জাতিক রাজনীতি ও জাতীয় সার্বভৌমত্ব প্রসঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি স্পষ্ট করেন যে, জামায়াতে ইসলামী আল্লাহ ছাড়া অন্য কোনো শক্তির রক্তচক্ষুকে ভয় পায় না। বাংলাদেশ কোনো ধরনের আধিপত্যবাদের ছায়া দেখতে চায় না উল্লেখ করে তিনি বলেন, ৫৬ হাজার বর্গমাইলের এই ভূখণ্ডে বাইরের কোনো শক্তির খবরদারি সহ্য করা হবে না। তবে বিশ্বের সব সভ্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং প্রতিবেশীদের সাথে প্রতিবেশীসুলভ আচরণ বজায় রাখার পক্ষে তাঁর দল কাজ করবে।

ভোটারদের উদ্দেশে তিনি আসন্ন নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার তৈরির আহ্বান জানান। তিনি মনে করেন, জনগণের এই জোয়ারেই অতীতের ‘বস্তাপচা’ রাষ্ট্রব্যবস্থা চিরতরে ধুয়ে-মুছে যাবে। সমাবেশের শেষ ভাগে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রতীক তুলে দেওয়া হয় এবং বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত নেতা-কর্মীদের জানপ্রাণ দিয়ে মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়।