টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড

0
73

বাংলাদেশকে বাদ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শনিবার (২৪ জানুয়ারি) ক্রিকবাজ এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে।

ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া বৈশ্বিক এই টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দলের পরিবর্তে এখন অংশ নেবে স্কটল্যান্ড। কয়েক দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আইসিসি ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক অবস্থান বা ব্যাখ্যা না পাওয়ায় শেষ পর্যন্ত কঠোর এই সিদ্ধান্ত নেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

এই পরিবর্তনের ফলে টুর্নামেন্টের প্রাথমিক পর্বে গ্রুপ ‘সি’-তে জায়গা করে নিয়েছে স্কটল্যান্ড। গ্রুপ পর্বে তারা ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলকাতায়। গ্রুপ পর্ব শেষে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটিশরা।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে স্কটল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা ট্রুডি লিন্ডব্লাডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুবাইয়ে আইসিসি ও এডিনবরাভিত্তিক ক্রিকেট স্কটল্যান্ডের মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডের অন্তর্ভুক্তিকে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বড় ধরনের আলোড়ন হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তাদের মতে, এই সিদ্ধান্ত বিশ্বকাপ ঘিরে চলমান ক্রিকেট রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।