ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ শনিবার (২৪ জানুয়ারি) রাতে চট্টগ্রাম যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২০ বছর ৭ মাস পর তাঁর এই সফরকে কেন্দ্র করে বন্দরনগরী চট্টগ্রামে রাজনৈতিক ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। শনিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এক সংবাদ সম্মেলনে এই সফরের বিস্তারিত তথ্য নিশ্চিত করেন।
সফরসূচি ও ইয়ুথ পলিসি সংলাপ মাহদী আমিন জানান, আজ রাত ৭টা ৩৫ মিনিটে বিমানযোগে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। সেখানে পৌঁছে তিনি রাতযাপন করবেন। আগামীকাল রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের একটি হোটেলে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক একটি বিশেষ সংলাপে অংশ নেবেন তিনি। এই সংলাপে শিক্ষা, কর্মসংস্থান ও ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের ভূমিকা নিয়ে প্রায় ৩০০ শিক্ষার্থীর সঙ্গে মতবিনিময় করবেন বিএনপি চেয়ারম্যান।
জাইমা রহমানের বিশেষ কর্মসূচি একই দিনে তারেক রহমানের সঙ্গে এই সফরে চট্টগ্রাম যাচ্ছেন ব্যারিস্টার জাইমা রহমানও। তিনি ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক রিলস মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে এক বিশেষ মিট-অ্যান্ড-গ্রিট সেশনে অংশ নেবেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত বিজয়ীরা জাইমা রহমানের সাথে তাঁদের চিন্তাভাবনা বিনিময়ের সুযোগ পাবেন।
নির্বাচনি প্রতিশ্রুতি ও অপপ্রচার রোধ সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, সিলেটে বিএনপির প্রচারণায় যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা পুরো দেশে ছড়িয়ে পড়েছে। তিনি পুনর্ব্যক্ত করেন যে, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের কাছে বিনামূল্যে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ পৌঁছে দেওয়া হবে। এছাড়া ভারতের সঙ্গে বিএনপির কোনো গোপন চুক্তি হয়েছে বলে যে অভিযোগ তোলা হচ্ছে, তাকে ‘ভিত্তিহীন অপপ্রচার’ হিসেবে উল্লেখ করে তিনি ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান।
চট্টগ্রাম সফর ও ঐতিহাসিক প্রেক্ষাপট তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রাম সফর করেছিলেন। সে সময় তিনি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালান। দীর্ঘ বিরতির পর তাঁর এই আগমনকে কেন্দ্র করে কাল রোববার ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে এক বিশাল নির্বাচনি জনসভার আয়োজন করা হয়েছে, যেখানে তিনি প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।