চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন

0
35

সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। নির্বাচনে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বিজিবি সহায়ক ভূমিকা পালন করবে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য বিজিবি সদস্যরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিজিবি সক্রিয়ভাবে কাজ করবে।

বিজিবি অধিনায়ক জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি আসনে মোট ১৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের শিবগঞ্জ উপজেলায় ৩ প্লাটুন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় ৮ প্লাটুন এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সদর উপজেলায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।

তিনি আরও জানান, নির্বাচনী দায়িত্ব পালনে চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ৫৩ ও ৫৯ ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেবেন। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইন অনুযায়ী বিজিবি তাদের দায়িত্ব পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।