তারেক রহমানের সমাবেশ ঘিরে মিছিলের ভিডিও করতে গিয়ে কিশোরের মৃত্যু

0
28

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে মিছিলের ভিডিও ধারণ করার সময় সড়কে পড়ে গিয়ে সাইদুল ইসলাম চিশতী (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের স্টেডিয়াম সংলগ্ন হল টোয়েন্টিফোরের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত চিশতী নগরীর এনায়েত বাজার ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বাবুর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নগরের হোটেল রেডিসন ব্লুতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একটি কর্মসূচিকে ঘিরে কোতোয়ালী থানা ছাত্রদলের নেতাকর্মীরা স্টেডিয়াম গেট এলাকায় জড়ো হন। সেখান থেকে পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী সমাবেশে যোগ দিতে তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল মালেক বলেন, মিছিল চলাকালে চিশতী মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিল। হঠাৎ পেছনে ঘুরতে গিয়ে সে সড়কে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ন্যাশনাল হসপিটাল চট্টগ্রাম অ্যান্ড সিগমা ল্যাব লিমিটেডের জরুরি বিভাগের মোবাইল ফোন অপারেটর মো. রিয়াদ জানান, বেলা ১২টার দিকে চিশতীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।