নিখোঁজের তিন দিন পর জামালপুরে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

0
59

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নিখোঁজ থাকার তিন দিন পর আপেল (২৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মদনেরচর গ্রামের সাইফুলের পুকুরপাড় এলাকার একটি আখক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আপেল বাহাদুরাবাদ ইউনিয়নের মদনেরচর এলাকার ফুতুর আলীর ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার দিবাগত রাতে একই গ্রামের আব্দুল্লার ছেলে রিপন মিয়া ট্রেন ধরার কথা বলে গভীর রাতে আপেলকে বাড়ি থেকে অটোরিকশাসহ ডেকে নিয়ে যান। এরপর থেকে আপেলের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজ করেও সন্ধান না পেয়ে পরিবার দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

রোববার দুপুরে স্থানীয় কয়েকজন ব্যক্তি আখক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবারের অভিযোগ, আপেলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুনসুর আহমেদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।