বরগুনা ডিসি কার্যালয়ে ঢুকে হামলা: আটক ১

0
38

সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সদর উপজেলার বাঁশবুনিয়া এলাকার বাসিন্দা ইব্রাহীম প্রায় ১৫ ইঞ্চি লম্বা একটি সেলাই রেঞ্জ নিয়ে জেলা প্রশাসকের কক্ষে প্রবেশ করেন। ওই সময় জেলা প্রশাসক তাছলিমা আক্তার সরকারি কাজে তালতলী উপজেলায় অবস্থান করছিলেন। কক্ষ ফাঁকা থাকায় যুবকটিকে ভেতরে ঢুকতে বাধা দেন অফিস সহকারী জহিরুল ইসলাম। এতে ক্ষিপ্ত হয়ে ইব্রাহীম হাতে থাকা ভারী রেঞ্জ দিয়ে জহিরুলের ওপর চড়াও হন এবং তাঁকে আঘাত করে আহত করেন।

অফিস সহকারীর চিৎকার শুনে কার্যালয়ের অন্যান্য কর্মচারীরা দ্রুত এগিয়ে আসেন এবং হামলাকারীকে জাপ্টে ধরেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত ইব্রাহীমকে হেফাজতে নেয়। আহত জহিরুল ইসলামকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, যুবকটি কেন এমন হামলা চালিয়েছেন বা তাঁর কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গুরুত্বপূর্ণ এই সরকারি দপ্তরে দিনের বেলা এমন নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।