বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফের নাটকীয় মোড়। বিতর্কিত মন্তব্যের জেরে সাময়িকভাবে অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া এম নাজমুল ইসলাম আবারও আগের দায়িত্বে ফিরেছেন। গতকাল বিসিবির পরিচালনা পর্ষদের সভায় অংশ নেওয়ার মধ্য দিয়েই তাকে পুনরায় অর্থ বিভাগের দায়িত্ব দেওয়া হয়।
এম নাজমুল ইসলাম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, নাজমুল ইসলামের কাছে পাঠানো কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব শৃঙ্খলা বিভাগ পর্যালোচনা করে সন্তোষজনক বলে মত দিয়েছে। সেই মূল্যায়নের ভিত্তিতেই তাকে অর্থ বিভাগের দায়িত্বে পুনর্বহাল করা হয়েছে।
এর আগে তামিম ইকবালকে নিয়ে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ মন্তব্য এবং ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়ার বক্তব্যে তীব্র সমালোচনার মুখে পড়েন এম নাজমুল ইসলাম। এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন তার পদত্যাগ দাবি করেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন ১৫ জানুয়ারি মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজসহ কয়েকজন ক্রিকেটার বিপিএল বয়কট করেন।
চাপের মুখে বিসিবি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলে। ১৮ জানুয়ারি বিসিবির প্রধান ফয়জুর রহমান মিতু জানান, নাজমুল ইসলামের জবাব বোর্ডের হাতে পৌঁছেছে এবং সেটির পর্যালোচনার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কোনো নির্বাচিত পরিচালককে সরাসরি অপসারণের সুযোগ নেই। নির্দিষ্ট কিছু কারণ ছাড়া চার বছরের জন্য নির্বাচিত পরিচালক পদ হারান না। সে কারণে এম নাজমুল ইসলাম পরিচালক হিসেবে বহাল থাকলেও কেবল অর্থ বিভাগের প্রধানের দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি পেয়েছিলেন।
শেষ পর্যন্ত সেই সাময়িক অব্যাহতির অবসান ঘটিয়ে আবারও অর্থ কমিটির প্রধানের দায়িত্বে ফিরলেন এম নাজমুল ইসলাম। তবে এই সিদ্ধান্তের পর ক্রিকেটারদের প্রতিক্রিয়া কী হয় এবং বোর্ডে নতুন করে কোনো অস্বস্তি তৈরি হয় কি না, সেটিই এখন দেখার বিষয়।