শিবচরে নিখোঁজের তিন দিন পর কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

0
45

মাদারীপুরের শিবচর উপজেলায় নিখোঁজের তিন দিন পর মোহাম্মদ শহীদুল ইসলাম নামে এক কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সূর্যনগর বাজার এলাকার হাইওয়ে এক্সপ্রেসওয়ের একটি আন্ডারপাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ শহীদুল ইসলাম আন্তর্জাতিক গম ও ভূট্টা গবেষণা কেন্দ্রের (সিমিট) রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালী জেলার মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামের বাসিন্দা ও মতিউর রহমানের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় সূর্যনগর বাজার সংলগ্ন আন্ডারপাসে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পুলিশ জানায়, গত ২১ জানুয়ারি সকাল ১১টার দিকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ঢাকা গুলশান শাখায় একটি পে-অর্ডার জমা দেওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন শহীদুল ইসলাম। ওই দিন থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় একই দিন তার শ্বশুর আবু সালেহ উদ্দিন আহম্মেদ গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিহতের শ্বশুর আবু সালেহ উদ্দিন আহম্মেদ বলেন, তিন দিন ধরে নিখোঁজ থাকার পর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধারের খবরে পুরো পরিবার দিশেহারা হয়ে পড়েছে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।