সিডনি সিক্সার্সকে হারিয়ে ষষ্ঠবারের মতো বিগ ব্যাশ চ্যাম্পিয়ন পার্থ স্কর্চার্স

0
34

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের শিরোপা লড়াইয়ে সিডনি সিক্সার্সকে অনায়াসে হারিয়ে ষষ্ঠবারের মতো ট্রফি ঘরে তুলল পার্থ স্কর্চার্স। রোববার (২৫ জানুয়ারি) পার্থে অনুষ্ঠিত ফাইনালে সিডনি সিক্সার্সকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের আধিপত্য বজায় রেখেছে তারা। এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফলতম দল হিসেবে নিজেদের রেকর্ড আরও সুসংহত করল পার্থ।

ম্যাচের শুরুতে টস হেরে ব্যাটিং করতে নেমে পার্থ স্কর্চার্সের বোলারদের তোপের মুখে পড়ে সিডনি সিক্সার্স। স্টিভেন স্মিথ, জশ ফিলিপস ও অধিনায়ক মোজেস হেনরিকসের ব্যাট থেকে সমান ২৪ রান করে আসলেও বড় কোনো জুটি গড়ে ওঠেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৩২ রানেই অলআউট হয়ে যায় সিডনি। দলের বাকি ব্যাটারদের কেউই বিশের ঘর স্পর্শ করতে পারেননি। পার্থের পক্ষে বল হাতে ঝাই রিচার্ডসন ও ডেভিড পাইনে তিনটি করে এবং মাহলি বেয়ার্ডম্যান দুটি উইকেট নিয়ে সিডনির ইনিংস ধসিয়ে দেন।

১৩৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে পার্থ স্কর্চার্সকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ফিন অ্যালেন ও মিচেল মার্শ। উদ্বোধনী জুটিতে মাত্র কয়েক ওভারেই ৮৫ রান যোগ করে তারা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ফেলেন। ফিন অ্যালেন ২২ বলে ৩৬ এবং মিচেল মার্শ ৪৪ রানের লড়াকু ইনিংস খেলে বিদায় নিলেও জয়ের পথে কোনো বাধা আসেনি। মাঝে অ্যারন হার্ডি ও অধিনায়ক অ্যাস্টন টার্নার দ্রুত ফিরলেও জশ ইংলিশের অপরাজিত ২৯ রান এবং কুপার কনোলির সঙ্গ পার্থকে অনায়াস জয় এনে দেয়।

বিগ ব্যাশের ইতিহাসে আগে থেকেই সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড ছিল পার্থ স্কর্চার্সের দখলে, যা এখন বেড়ে দাঁড়াল ছয়ে। অন্যদিকে সিডনি সিক্সার্স তিনবার এবং ব্রিসবেন হিট দুইবার এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে। আজকের এই জয়ে ঘরের মাঠে দর্শকদের সামনে উদযাপনে মাতেন পার্থের ক্রিকেটাররা।