বৃহত্তর রাজনৈতিক দল আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে সামগ্রিকভাবে অন্তর্ভুক্তিমূলক এই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর সেনাপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
জিএম কাদের বলেন, নির্বাচনকালীন সময়ে তিনি ব্যক্তিগতভাবে নিরাপত্তা পেলেও জাতীয় পার্টির কর্মী ও ভোটাররা নিরাপদ নন। সরকারের পক্ষ থেকে একটি বিশেষ দলকে নির্বাচনে সুযোগ-সুবিধা দিতে কাজ করা হচ্ছে, যার ফলে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। তিনি অভিযোগ করেন, জাতীয় পার্টির প্রার্থীদের ভোটের মাঠে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং এসব বিষয়ে নির্বাচন কমিশন নির্বিকার ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, একটি পক্ষ থেকে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে ‘হ্যাঁ’ ভোট পাস হলে সংসদ সার্বভৌম ও স্বাধীন থাকবে না বলে তিনি মনে করেন। সে কারণেই দেশকে বাঁচাতে জাতীয় পার্টি ‘না’-এর পক্ষে অবস্থান নিয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, এবারের নির্বাচনে জাতীয় পার্টির পক্ষে মানুষের ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।
এ সময় জিএম কাদের দুঃখ প্রকাশ করে বলেন, একসময় বিশ্বব্যাপী বাংলাদেশ ক্রিকেটের জন্য পরিচিত ছিল, কিন্তু বর্তমান সরকার সেই ক্রিকেটকেই ধ্বংস করে দিচ্ছে। যশোরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ করলেই কারও পরিবারকে মেরে ফেলা হবে—এ ধরনের পরিস্থিতি কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি আবারও দাবি করেন, এবারের নির্বাচনে জাতীয় পার্টির পক্ষে মানুষের অভূতপূর্ব সাড়া মিলছে।
উল্লেখ্য, তিন দিনের সফরে নিজ সংসদীয় আসন রংপুর-৩ এ নির্বাচনী প্রচার-প্রচারণা শেষে রোববার বিকেলেই ঢাকায় ফিরে যান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।