ঢাকা-৮ আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার মির্জা আব্বাসের

0
42

গত ১৭ বছরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির কারণে ঢাকা-৮ আসন ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মির্জা আব্বাস। তিনি নির্বাচিত হলে এলাকাটিকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজিমুক্ত করার প্রতিশ্রুতি দেন।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর মালিবাগ ও শাহজাহানপুর এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় মির্জা আব্বাস বলেন, গত ১৭ বছর ধরে তার এলাকা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিতে ধ্বংস হয়ে গেছে। তিনি আশ্বাস দেন, জনগণ তাকে নির্বাচিত করলে এসব অপশক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে এলাকাকে মুক্ত করা হবে।

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, অন্য দল ও সরকারের কিছু মহলের বক্তব্যে অস্বাভাবিক ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একজন স্বতন্ত্র প্রার্থীর বক্তব্য উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, ঢাকা শহরে বিএনপিকে কোনো আসন দেওয়া হবে না—এমন কথা বলার অধিকার কারও নেই। তার ভাষায়, আসনের মালিক আল্লাহ ও জনগণ; জনগণের ভোটই ক্ষমতার একমাত্র উৎস।

মির্জা আব্বাস বলেন, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের মতো এবারও জনগণ তার অতীত কর্মকাণ্ড বিবেচনা করে তাকে নির্বাচিত করবেন বলে তিনি বিশ্বাস করেন। জামায়াতে ইসলামীর আমিরের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কর্মসংস্থান নিয়ে দেওয়া বক্তব্য জনগণই বিচার করবে।

নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়ে বিএনপির এই নেতা বলেন, তিনি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চান। তবে কিছু দলের বক্তব্য ও সরকারের একটি অংশের আচরণে সন্দেহ তৈরি হচ্ছে। তবুও তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশের জনগণ সবসময় সচেতন ও প্রতিবাদী এবং অতীতের মতো এবারও সব ষড়যন্ত্র প্রতিহত করবে ইনশাআল্লাহ।