দুই দশক পর বগুড়ায় তারেক রহমান, জনসভা ঘিরে উৎসবের আমেজ

0
36

প্রায় দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে নিজ পৈতৃক জেলা বগুড়ায় আসছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত হবে তার নির্বাচনী জনসভা। এই জনসভাকে ঘিরে পুরো জেলাজুড়ে রাজনৈতিক উত্তেজনা ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবারই প্রথম বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান। ফলে তার আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে। রোববার বিকেলে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনসভার স্থান আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন করেন এবং প্রস্তুতির সার্বিক অবস্থা খতিয়ে দেখেন।

পরিদর্শন শেষে জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশাহ সাংবাদিকদের জানান, বগুড়ার মানুষ তাদের প্রিয় নেতাকে বরণ করে নিতে প্রস্তুত। জনসভাকে সফল করতে সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এই সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে বলে তারা আশাবাদী।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান ২৮ জানুয়ারি রাজশাহীতে একটি নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। এরপর সড়কপথে বিভিন্ন এলাকায় পথসভা করতে করতে পরদিন ২৯ জানুয়ারি বগুড়ায় পৌঁছাবেন তিনি। লন্ডনে দীর্ঘ সময় নির্বাসনে থাকার পর দেশে ফেরার পর এটিই তার প্রথম পূর্ণাঙ্গ উত্তরবঙ্গ সফর।

এর আগে তিনি সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এরপর ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে বড় জনসভায় অংশ নিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। বগুড়ায় তার আগমন সেই ধারাবাহিকতারই অংশ হিসেবে দেখছেন দলীয় নেতারা।

তারেক রহমানের আগমন উপলক্ষে গাবতলী ও বগুড়া সদর উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে তোরণ নির্মাণ করা হচ্ছে, লাগানো হচ্ছে ব্যানার ও ফেস্টুন। জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের কাজও চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।