আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে পর্দার আড়ালে নাটকীয় ও উত্তপ্ত মুহূর্তের তথ্য সামনে এসেছে। একাধিক বৈঠকে আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে টানাপড়েনের সময় এক পর্যায়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আইসিসির যুক্তি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন বলে ক্রিকবাজের এক প্রতিবেদনে জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কায় ভেন্যু স্থানান্তরের দাবি জানালে বিষয়টি নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে টানা তিন সপ্তাহ ধরে আলোচনা চলে। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা তুলে ধরে বিসিবি তাদের অবস্থানে অনড় থাকলেও আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। একপর্যায়ে বাংলাদেশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় আইসিসি। কিন্তু বিসিবি তাদের সিদ্ধান্তে সম্মতি না দেওয়ায় বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়।
প্রতিবেদনে আরও বলা হয়, এ প্রক্রিয়ার সময় আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জগ গুপ্ত নিয়মিতভাবে বিসিবির সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তবে একটি ভিডিও কনফারেন্স বৈঠকে পরিস্থিতি বিশেষভাবে উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আইসিসির নিরাপত্তা মূল্যায়ন ও যুক্তি নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন এবং আইসিসির অবস্থান মেনে নিতে স্পষ্টভাবে অস্বীকৃতি জানায়।
এদিকে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়ে আইসিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অংশগ্রহণ করবে। প্রকাশিত ম্যাচের সময়সূচি অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টুর্নামেন্টে অংশগ্রহণ করতে অস্বীকার করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়ার ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পর্দার আড়ালের উত্তপ্ত বৈঠকের তথ্য প্রকাশ পাওয়ায় আইসিসি ও বিসিবির মধ্যকার দ্বন্দ্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে।