আজ চুয়াডাঙ্গা যাচ্ছেন জামায়াত আমির, চলছে জনসভার প্রস্তুতি

0
38

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গায় আজ সোমবার (২৫ জানুয়ারি) আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জেলা জামায়াতের আয়োজনে এবং ১০ দলীয় ঐক্যের সমর্থনে বিকেল ৪টায় চুয়াডাঙ্গা টাউন মাঠে অনুষ্ঠিত হবে এক বিশাল নির্বাচনী জনসভা, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

এই জনসভাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সভাস্থলে ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং চলছে জোরালো প্রচার-প্রচারণা। জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উদ্দীপনা। জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা নিয়মিত মঞ্চ এলাকা পরিদর্শন করে প্রস্তুতির অগ্রগতি তদারকি করছেন।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হোসাইন। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক শীর্ষ নেতা সভায় বক্তব্য রাখবেন।

বক্তাদের মধ্যে রয়েছেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের এবং ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাগর আহমেদ। বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতারাও সভায় অংশ নেবেন।

জনসভায় সভাপতিত্ব করবেন জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট কর আইনজীবী মো. রুহুল আমিন। জেলা জামায়াত সূত্রে জানা গেছে, এই জনসভায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে।

নেতারা মনে করছেন, নির্বাচনী মাঠে দলীয় অবস্থান আরও শক্তিশালী করতে এই জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, ডা. শফিকুর রহমানের আগমনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এবং এই জনসভা চুয়াডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে নতুন গতি সঞ্চার করবে বলে তারা আশাবাদী।