বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী জনসভাকে ঘিরে কুষ্টিয়ায় সকাল থেকেই নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জনসভাস্থলে জড়ো হচ্ছেন।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সকাল ৮টার দিকে সরেজমিনে দেখা যায়, জনসভাস্থলে প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জামায়াতের স্বেচ্ছাসেবকরাও নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন। কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলা থেকে বাস, মাইক্রোবাসসহ নানা যানবাহনে করে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসছেন। অনেককে দলের প্রতীক দাঁড়িপাল্লা, দলীয় মনোগ্রাম সংবলিত ব্যাচ, টি-শার্ট, পাঞ্জাবি ও মাফলার পরিহিত অবস্থায় দেখা গেছে।
কুমারখালী থেকে আসা সাইফুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতির কারণে আমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। জেল-জুলুমও পোহাতে হয়েছে। আজ দলীয় প্রধানকে সরাসরি দেখার সুযোগ পাচ্ছি, তাই এই সমাবেশে অংশ নিতে এসেছি।
শহর যুব বিভাগের নেতা মোস্তাফিজুর রহমান পলাশ জানান, কুষ্টিয়ায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তার দাবি, এ জনসভায় দুই লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে এবং এই সমাবেশ থেকেই ১২ ফেব্রুয়ারির ভোটের মাঠের অনেক দিক নির্ধারিত হয়ে যাবে।
জনসভাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। জনসভার মঞ্চ ও আশপাশের পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি জামায়াতের নিজস্ব স্বেচ্ছাসেবকরাও নিয়মিত মাঠ পর্যবেক্ষণ করছেন।
ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠসংলগ্ন ভবনগুলোতে তার ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে।
এই সফরে জামায়াত আমির সকাল ১০টায় কুষ্টিয়া, দুপুর ১২টায় মেহেরপুর, বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা এবং সন্ধ্যা ৬টায় ঝিনাইদহে নির্বাচনী মহাসমাবেশে অংশ নেবেন।