গাজীপুর মহানগরীর পূবাইলে চলন্ত ট্রেনের নিচে দুই সন্তানসহ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন হাফেজা খাতুন মালা (২৫) নামে এক গৃহবধূ। সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে পূবাইল রেলওয়ে স্টেশনের নয়নীপাড়া এলাকার একটি রেলক্রসিংয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত হাফেজা খাতুন মালা গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকার মোজাম্মেল হকের মেয়ে। তাঁর সঙ্গে প্রাণ হারানো দুই সন্তানের নাম তাবাসসুম (৮) ও মারুফ (৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনটি আসতেই ওই নারী তাঁর সন্তানদের নিয়ে লাইনের ওপর ঝাঁপ দেন। গেটকিপারের বাঁশি ও চিৎকার সত্ত্বেও তিনি সরে যাননি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং দেহগুলো খণ্ডবিখণ্ড হয়ে যায়।
পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, হাফেজা খাতুন তাঁর সন্তানদের নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন। সোমবার সকালে সেখানে কোনো বিষয় নিয়ে কলহ সৃষ্টি হয়। এরপর তিনি মেয়ে তাবাসসুমকে স্কুলের পোশাক পরিয়ে বাড়ি থেকে বের হন এবং পরে রেললাইনে গিয়ে এই চরম সিদ্ধান্ত নেন। নিহত তাবাসসুম স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ও নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করেন। পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানিয়েছেন, এটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। নিহত নারীর সঙ্গে থাকা ব্যাগে পাওয়া পরিচয়পত্রের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।