বক্স অফিসে ঝড় তুলল ‘বর্ডার ২’, তিন দিনে আয় কত?

0
40

পুরনো সেই উন্মাদনা আর সানি দেওলের চেনা আগ্রাসী মেজাজ নিয়ে আবারও বড় পর্দায় ফিরেছে ‘বর্ডার ২’। মুক্তির শুরু থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসছে ছবিটি। প্রেক্ষাগৃহে দর্শকের ঢল আর টিকিট বিক্রির জোয়ারে মাত্র তিন দিনেই ভারতীয় বক্স অফিসে ১১৫ কোটির মাইলফলক অতিক্রম করেছে সিনেমাটি।

গত শুক্রবার মুক্তির দিনেই ৩৫ কোটি রুপি আয় করে বড় সাফল্যের ইঙ্গিত দেয় ‘বর্ডার ২’। শনিবার আয় আরও বাড়ে। তবে রবিবার ছুটির দিনে সিনেমাটির দাপট সবচেয়ে বেশি চোখে পড়ে। প্রেক্ষাগৃহগুলোতে দর্শকের ভিড়ে তিল ধারণের জায়গা ছিল না। প্রাথমিক হিসাব অনুযায়ী, রবিবার একাই ছবিটি আয় করেছে প্রায় ৪০ থেকে ৪২ কোটি রুপি।

সব মিলিয়ে তিন দিনের মোট আয় ১১৫ কোটির বেশি। ‘গদর ২’-এর পর ফের প্রমাণিত হলো, গণবিনোদনধর্মী ছবির ক্ষেত্রে সানি দেওলের জনপ্রিয়তা এখনো অটুট। তবে এবারের ছবিতে তিনি একা নন। বরুণ ধাওয়ান ও দিলজিৎ দোসাঞ্ঝ তাদের উপস্থিতি ও অভিনয়ে ছবির উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ভারত যখন বাংলাদেশকে সামরিক সহায়তা দিচ্ছিল, সেই সময় পাকিস্তানের পক্ষ থেকে ভারতের বিভিন্ন অঞ্চলে হামলার প্রেক্ষাপটকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘বর্ডার ২’। ইতিহাস ও আবেগের মিশেলে ছবিটি দর্শকদের ভেতরে দেশাত্মবোধের অনুভূতিও জাগিয়ে তুলছে।

এই সিনেমায় সানি দেওলকে দেখা যাচ্ছে একজন অভিজ্ঞ পথপ্রদর্শক ও সিনিয়র সেনা কর্মকর্তার ভূমিকায়। তার সঙ্গে নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে যুক্ত হয়েছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ ও আহান শেট্টি। অভিজ্ঞতা আর তরুণ উদ্যমের এই মেলবন্ধন ছবিটিকে আলাদা মাত্রা দিয়েছে।

চলতি সপ্তাহে বড় কোনো প্রতিদ্বন্দ্বী ছবি মুক্তি না পাওয়ায় বক্স অফিসে একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে ‘বর্ডার ২’। ইতোমধ্যেই ২০২৬ সালের প্রথম ব্লকবাস্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে সিনেমাটি। অনেকের ধারণা, এই ধারাবাহিক সাফল্য অব্যাহত থাকলে আমির খান কিংবা শাহরুখ খানের পুরনো একাধিক বক্স অফিস রেকর্ডও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।