মিলের নৈশপ্রহরীকে বেঁধে রেখে ৬৩৩ বস্তা চাল লুট

0
63

ঢাকার ধামরাইয়ে নৈশপ্রহরীকে বেঁধে রেখে বিসমিল্লাহ অটো রাইস মিল নামক প্রতিষ্ঠানের ৬৩৩ বস্তা চাল লুট করেছে ডাকাতদল। লুট করা এসব চালের মূল্য প্রায় আট লাখ টাকা বলে জানা গেছে।

রবিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে পৌরসভার আইঙ্গন এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

মিল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাতে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল মিলের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তারা নিরাপত্তাকর্মী ও কর্মচারীকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে মিলের ভেতরে ট্রাক ঢুকিয়ে ৬৩৩ বস্তা চাল লুট করে নিয়ে যায়।

নৈশপ্রহরী মো. হযরত আলী জানান, ডাকাতরা পেছন থেকে এসে আমার হাত, পা ও মুখ বেঁধে গলায় চাকু ধরে। এরপর এখানে থাকা আরও চারজন শ্রমিককে আমার সাথে মিলের অফিসের পাশের একটি কক্ষে বেধে রেখে চাল নিয়ে যায়। পরে একজন মুখ দিয়ে হাতের বাঁধন খুলে দিলে আমরা বের হই। ততক্ষণে ডাকাতরা চলে যায়। এরপর আমি মালিককে ফোন দিয়ে বিষয়টি জানাই।

চাল ব্যবসায়ীরা জানান, সকালে মিল কর্তৃপক্ষ তাদের ফোন করে জানায় যে রাতে ডাকাতরা চাল নিয়ে গেছে।

চাল ব্যবসায়ী হেলাল উদ্দিন অভিযোগ করে বলেন, রাত ৩টার দিকে ডাকাতির ঘটনা ঘটলেও আমাকে সকাল ৭টার দিকে ম্যানেজার বিষয়টি জানায়। আমার প্রায় ৪০০ বস্তা চাল ডাকাতরা নিয়ে গেছে। দেরিতে জানানোয় আমি বিষয়টি বুঝতে পারছি না।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।