অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিন ম্যাচ খেলেও জয়ের দেখা পেল না বাংলাদেশ। সোমবার বুলাওয়েতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল। টুর্নামেন্টে দুই হারের সঙ্গে একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় গ্রুপ পর্বে মাত্র ১ পয়েন্ট নিয়েই শেষ করতে হলো বাংলাদেশের যুবাদের।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার জাওয়াদ আবরার দলীয় ৭ রানে ফিরে গেলে চাপের মুখে পড়ে ইনিংস। এরপর রিফাত বেগ ও অধিনায়ক তামিম দ্বিতীয় উইকেটে ৪৬ রানের জুটি গড়লেও বড় ইনিংস গড়তে পারেননি কেউই। রিফাত ৩৬ বলে ৩১ রান করে আউট হন এবং তামিম ৪৬ বলে ২০ রান করে ফিরে গেলে ব্যাটিং ধসে পড়ে।
১৯তম ওভারে ৭২ রানে ৩ উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ১০৫ রানে ষষ্ঠ উইকেট এবং ১২৬ রানে নবম উইকেট হারানোর পর ৩৮.১ ওভারে ১৩৬ রানেই অলআউট হয় দলটি। শেষ দিকে শিশির আহমেদের ১৮ রানের ইনিংসই কেবল স্কোরকে কিছুটা এগিয়ে নেয়।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল শুরুতে ৩ রানে একটি উইকেট হারালেও দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। দ্বিতীয় উইকেটে ৩৬ এবং তৃতীয় উইকেটে ৭৮ রানের জুটিতে তারা ১৫৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে। ইংল্যান্ডের হয়ে অধিনায়ক থমাস রেও ৫০ বলে অপরাজিত ৫৯ রান করেন। ওপেনার বেন ডাউকিনস ২৭ ও তিন নম্বরে নামা বেন মায়েস ৩৪ রান যোগ করেন।
এর আগে বল হাতে ইংল্যান্ডের সেবাস্তিয়ান মরগান ৩টি উইকেট নেন। রালপি আলবার্ট ও ম্যানি লুমসডেন নেন ২টি করে উইকেট। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই পিছিয়ে থেকে টুর্নামেন্টে জয়হীনভাবেই অভিযান শেষ করল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল।