ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রার্থী হতে না পারলেও অন্তত ২২ জন সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী কারাবন্দি অবস্থায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন। এ তালিকায় উল্লেখযোগ্য হিসেবে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাদেক খান ও ডা. এনামুর রহমানের নাম জানা গেছে। দেশে প্রথমবারের মতো কারাবন্দিদের ভোট দেওয়ার সুযোগ চালু হওয়ায় তারা এ সুবিধা পাচ্ছেন।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, আসন্ন নির্বাচনে ভোট দিতে নিবন্ধন করেছেন প্রায় ৫ হাজার ৯৬০ জন কারাবন্দি। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশের ৭৫টি কারাগারের মধ্যে ৭১টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণের সময়সূচি ও নিরাপত্তাসহ প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
প্রবাসীদের জন্য পোস্টাল ভোট ব্যবস্থা থাকার পাশাপাশি ইসি আইন সংশোধনের মাধ্যমে হাজতি/কারাবন্দিদের ভোটাধিকার প্রয়োগের বিধান যুক্ত করেছে। তবে কারাগার সূত্র জানায়, দেশে মোট কারাবন্দি প্রায় ৮৪ হাজার হলেও নিবন্ধিত ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে কম। অনেকের জাতীয় পরিচয়পত্র না থাকা এবং অনেকে ভোট দিতে আগ্রহী না হওয়াই এর অন্যতম কারণ বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।