চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় ককটেল হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বোয়ালখালী উপজেলার পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন বিএনপি নেতারা।
বিএনপির পক্ষ থেকে বলা হয়, পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয় মাঠের পাশে আয়োজিত নির্বাচনী সমাবেশে সন্ধ্যা ৬টার দিকে বক্তব্য দিচ্ছিলেন এরশাদ উল্লাহ। এ সময় কাছাকাছি একটি স্থানে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ঘটনার প্রতিবাদে উপজেলা সদরসহ চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে জামায়াত-শিবির এই হামলা চালিয়েছে। একই অভিযোগ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক। তিনি বলেন, এরশাদ উল্লাহর বক্তব্য চলাকালে আতঙ্ক সৃষ্টি করতে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা সভাস্থলের পাশে ককটেল বিস্ফোরণ ঘটায়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ককটেলের ভয় দেখিয়ে বিএনপিকে দমন করা যাবে না এবং বোয়ালখালীর শান্ত পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না।
অন্যদিকে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, প্রার্থী নিজেই ফোন করে ঘটনাটি পুলিশকে অবহিত করেছেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তবে ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। তিনি দাবি করেন, সভাস্থল থেকে প্রায় ৫০ গজ দূরে আতশবাজি ফোটানো হয়েছিল।
উল্লেখ্য, বোয়ালখালী উপজেলা ও চট্টগ্রাম নগরীর একাংশ নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর বিপরীতে ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী জোবাইরুল ইসলাম আরিফসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই জোটভুক্ত জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. আবু নাছের থাকলেও দলটি এ আসনে এনসিপিকে সমর্থন দিয়েছে।
এর আগে গত ৩ নভেম্বর নগরীর বায়েজিদ বোস্তামি থানার চালিতাতলী এলাকায় এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটে। সে সময় তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা।