চট্টগ্রামের বহুল আলোচিত জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলার পলাতক আসামি মো. মিজান ও তার সহযোগী মো. মামুনকে গ্রেপ্তার করেছে র্যাব। চট্টগ্রাম মহানগরীর খুলশী ও বায়েজিদ বোস্তামী থানা এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৭ চট্টগ্রাম এ তথ্য জানায়। র্যাবের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মামলার তালিকাভুক্ত পলাতক আসামি মো. মিজান খুলশী থানাধীন ইস্পাহানি মোড় এলাকায় অবস্থান করছে। পরে গত ২৫ জানুয়ারি বিকেল ৫টা ৫৫ মিনিটে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এর পরদিন ২৬ জানুয়ারি আরেক পলাতক আসামি মো. মামুন বায়েজিদ বোস্তামী থানার বগুড়া নিবাস এলাকায় লুকিয়ে আছে—এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৭-এর একটি দল ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে অভিযান পরিচালনা করে এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে গিয়ে র্যাব সদস্যরা দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলার শিকার হন। হামলায় চারজন র্যাব সদস্য গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচ-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজন র্যাব সদস্যকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় র্যাব-৭ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।