প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়নবিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদের মধ্যে মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মী নিয়োগ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ড. আসিফ নজরুল মালদ্বীপে অবস্থানরত সকল অনিয়মিত ও আনডকুমেন্টেড বাংলাদেশি কর্মীকে নিয়মিতকরণের জন্য অনুরোধ জানান। একই সঙ্গে বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স, শিক্ষকসহ অন্যান্য দক্ষ ও পেশাদার কর্মীর নিয়োগ বাড়ানোর প্রস্তাব দেন তিনি।
এ সময় উপদেষ্টা মালদ্বীপ সরকারের বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রদত্ত শিক্ষা ঋণ সুবিধার প্রশংসা করেন। পাশাপাশি চিকিৎসা, প্রকৌশল, কৃষি ও অন্যান্য বিশেষায়িত বিষয়ে উচ্চশিক্ষার জন্য মালদ্বীপের শিক্ষার্থীদের বাংলাদেশে অধ্যয়নের আমন্ত্রণ জানান।
এ ছাড়া বাংলাদেশি পর্যটকদের মালদ্বীপ ভ্রমণে উৎসাহিত করতে যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান ড. আসিফ নজরুল।
জবাবে মালদ্বীপের মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী ও পেশাজীবী নিয়োগে আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে মালদ্বীপে একটি শিক্ষা মেলা আয়োজনের প্রস্তাবও দেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী ড. আব্দুল্লাহ নাজির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল হক চৌধুরী।