র‌্যাবের যৌথ অভিযানে তারাগঞ্জের হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

0
45

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাথায় আঘাত করে হত্যা মামলার প্রধান আসামিকে ঢাকার উত্তর বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব জানায়, নিহত আব্দুল ছালেক (৪৫) ও গ্রেপ্তারকৃত আসামি পরস্পরের প্রতিবেশী ছিলেন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে গত বছরের ৩১ অক্টোবর সন্ধ্যায় আব্দুল ছালেক তার দাদির কবর জিয়ারত করতে গিয়ে দেখতে পান, কবরের মাটি তুলে নেওয়া হয়েছে। বিষয়টি জানতে তিনি আসামিদের বসতবাড়ির সামনে গেলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে অতর্কিতভাবে হামলা ও মারধর করে।

এক পর্যায়ে গ্রেপ্তারকৃত আসামির হাতে থাকা লোহার রড দিয়ে আব্দুল ছালেকের মাথায় আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার ভাই খালেকুজ্জামান ঘটনাস্থলে এলে তাকেও মাথায় আঘাত করা হয়। স্থানীয়দের সহায়তায় দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আব্দুল ছালেকের মাথায় ১২টি এবং খালেকুজ্জামানের মাথায় ১৬টি সেলাই দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এ ঘটনায় নিহতের ভাই মো. মাহবুবার রহমান বাদী হয়ে প্রথমে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর আব্দুল ছালেকের মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।

ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে র‌্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সদর কোম্পানি এবং র‌্যাব-৩-এর সিপিসি-২ ক্যাম্পের যৌথ আভিযানিক দল গত ২৬ জানুয়ারি রাতে ঢাকার উত্তর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি মো. বাবু মিয়াকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত বাবু মিয়া তারাগঞ্জ উপজেলার হাড়িয়াকুটি ইউনিয়নের কিসামত মেনানগর এলাকার আব্দুল জব্বারের ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।