২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান, জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি

0
25

দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে সব প্রস্তুতি। আজ মঙ্গলবার বেলা আড়াইটায় নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হবে তার নির্বাচনী জনসভা, যেখানে তিনি ভাষণ দেবেন।

জনসভাকে কেন্দ্র করে সার্কিট হাউস মাঠে নির্মাণ করা হয়েছে ৬৪ ফুট দৈর্ঘ্য ও ৪৪ ফুট প্রস্থের একটি বিশাল মঞ্চ। তার বক্তব্য সরাসরি প্রচারের জন্য মাঠজুড়ে স্থাপন করা হয়েছে ৭০টি মাইক। পাশাপাশি দর্শকদের সুবিধার্থে মঞ্চে দুটি এবং মঞ্চের দুই পাশে আরও দুটি এলইডি স্ক্রিন বসানো হয়েছে। জনসভাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতিও জোরদার করা হয়েছে।

সকালে মঞ্চ পরিদর্শনে আসা বিএনপি কর্মী শফিকুল ইসলাম বলেন, তারেক রহমানকে কাছ থেকে দেখার সুযোগ পাওয়া তার জীবনের বড় আনন্দ। তিনি বলেন, খালেদা জিয়া বেঁচে থাকলে আনন্দ আরও বেড়ে যেত। তার প্রত্যাশা, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে এবং অবহেলিত ময়মনসিংহের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেবেন।

নেত্রকোনার দুর্গাপুর থেকে আসা মঞ্জুরুল হক বলেন, আওয়ামী লীগের আমলে তিনি দুই হাত হারালেও এখনো ন্যায়বিচার পাননি। তারেক রহমানের হাত ধরেই সেই বিচার নিশ্চিত হবে—এই বিশ্বাস থেকেই তিনি জনসভায় অংশ নিতে এসেছেন বলে জানান।

বিএনপি কর্মী শারমিন চৌধুরী বলেন, নারী অধিকার নিশ্চিত করতে তারেক রহমানের কাছ থেকে তারা সুস্পষ্ট পরিকল্পনা জানতে চান। তিনি জানান, নারীদের বড় একটি অংশ সংগঠিতভাবে এই জনসভায় অংশ নেবে।

দীর্ঘ বিরতির পর তারেক রহমানের এই সফরকে ঘিরে ময়মনসিংহজুড়ে উৎসাহ-উদ্দীপনা ও রাজনৈতিক উত্তাপ স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে।