নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দুয়া উপজেলা শাখার সহ-সভাপতিসহ অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দুয়া উপজেলা শাখার নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ যোগদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দুয়া উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা জামায়াতে যোগ দেন। অনুষ্ঠানে নেত্রকোনা-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. খাইরুল কবীর নিয়োগীর হাতে নবাগতরা সহযোগী সদস্যপদ গ্রহণ করেন।
এ সময় জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মাহাবুবুর রহমানসহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মীরাও উপস্থিত ছিলেন।
যোগদান শেষে মাওলানা আনোয়ার হোসেন বলেন, তিনি দীর্ঘদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে রাজনীতি করেছেন, তবে দেশের প্রেক্ষাপটে ইসলামের আইন ও আদর্শ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর নীতি ও নিষ্ঠা কার্যকর ভূমিকা রাখতে সক্ষম বলে তিনি বিশ্বাস করেন। সে কারণেই তিনি তাঁর অনুসারী নেতাকর্মীদের নিয়ে জামায়াতে যোগদান করেছেন এবং ভবিষ্যতে তাঁর নেতৃত্বে আরও প্রায় শতাধিক মানুষ জামায়াতে যোগ দেবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।