ঝালকাঠির রাজাপুরে নির্বাচনি প্রচারণার সময় জামায়াতের কর্মীকে পিটিয়ে আহত

0
40

ঝালকাঠির রাজাপুরে নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর এক কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ওয়ার্ড যুবদলের সভাপতি আমির হোসেন বাচ্চু হাওলাদারের বিরুদ্ধে। আহত কর্মীর নাম আব্দুল করিম সিকদার।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার পশ্চিম রাজাপুর (সারে চার আনি) ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতালে আহত কর্মীকে দেখতে গিয়ে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক অভিযোগ করেন, নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকেই তার দলের কর্মীর ওপর হামলা চালানো হয়েছে। তিনি দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং প্রশাসন ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন।

অন্যদিকে অভিযুক্ত আমির হোসেন বাচ্চু হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, আব্দুল করিম তার আত্মীয় এবং পুরোনো একটি আর্থিক পাওনা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সামান্য হাতাহাতি হয়েছে। এটি রাজনৈতিক হামলা নয় বলে তিনি দাবি করেন এবং ড. ফয়জুল হকের বক্তব্যকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।