ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে ঢাকা ও তিন জেলায় বিজিবির কঠোর নিরাপত্তা

0
21

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ তিন জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আগামীকাল বৃহস্পতিবার থেকে বিজিবির ৫ ব্যাটালিয়নের সদস্যরা মাঠে নামবেন।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের ৫ ব্যাটালিয়নের ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান এসব তথ্য জানান।

তিনি জানান, ঢাকা সেক্টরের আওতাধীন বিজিবি ৫ ব্যাটালিয়ন এলাকায় মোট ৩৮ প্লাটুন সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি সংসদীয় আসনে ১১ প্লাটুন, সাভার ও ধামরাইয়ের দুটি আসনে ৬ প্লাটুন, ফরিদপুরের চারটি আসনে ১৩ প্লাটুন এবং মানিকগঞ্জের তিনটি আসনে ৮ প্লাটুন দায়িত্ব পালন করবে। রাজধানীর প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম জোরদার করা হবে।

লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান বলেন, বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় র‍্যাপিড অ্যাকশন টিম, কুইক রেসপন্স ফোর্স এবং প্রয়োজনে হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচনী দায়িত্ব পালনে বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, এপিসি ও আধুনিক সিগন্যাল সরঞ্জাম ব্যবহার করা হবে। সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ব্যাটালিয়ন সদরে একটি মনিটরিং সেলও গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, এবারের নির্বাচনে ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশের বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজিবির ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। প্রিজাইডিং অফিসার সহায়তা চাইলে অথবা কেন্দ্রে সহিংসতা বা জাল ভোটের আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বিজিবি সদস্যরা কেন্দ্রে প্রবেশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।

বিজিবি অধিনায়ক আশা প্রকাশ করে বলেন, সরকার, নির্বাচন কমিশন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।