গোপালগঞ্জে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে চারজনকে আমৃত্যু কারাদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে দণ্ডিত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচজন হলেন বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আব্দুর রশিদ মোল্লা রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালে সাইদুর রহমান বাসু হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় ওই বছরের ১৯ ফেব্রুয়ারি গোপালগঞ্জ সদর থানায় তার ছোট ভাই জাসু শেখ মামলা করেন। পরে ২০১৬ সালের ১২ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক হযরত আলী ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৭ সালের ২৯ আগস্ট গোপালগঞ্জের দায়রা জজ মো. দলিল উদ্দিন অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন। পরবর্তী সময়ে বিচার ও নিষ্পত্তির জন্য ২০১৮ সালের ১৬ আগস্ট মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ স্থানান্তর করা হয়।