ঢাকায় যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে। বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টা ৫০ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়।
মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে আরও রয়েছেন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মু ও ফিরোজ আহমেদ। বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত আছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
নির্বাচন কমিশন সূত্র জানায়, দ্বিপাক্ষিক এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা হতে পারে।
উল্লেখ্য, ব্রেন্ট ক্রিস্টেনসেন গত ১২ জানুয়ারি বাংলাদেশে আসেন এবং তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন।