১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ ‘ভোট ডাকাতি’ হতে দেবে না: তারেক রহমান

0
35

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ ‘ভোট ডাকাতি’ হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহ থেকে ঢাকায় ফেরার পথে গাজীপুরে ভাওয়াল রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।

রাত ১২টার দিকে মঞ্চে উঠে তারেক রহমান বলেন, ১২ তারিখ ভোটকেন্দ্রে যেতে হবে এবং কেন্দ্রের সামনে গিয়ে জামাতে ফজরের নামাজ পড়ার পরামর্শ দেন, যাতে কেউ আগে থেকে গিয়ে অবস্থান নিতে না পারে। তিনি বলেন, কেউ ষড়যন্ত্র করে ভোটকেন্দ্রের ভেতরে আগে ঢুকে বসে না থাকে—এ বিষয়ে সতর্ক নজর রাখতে হবে। গত ১৫-১৬ বছরে ভোটাধিকার “কীভাবে ডাকাতি করে নেওয়া হয়েছিল” বলে দাবি করে তিনি প্রশ্ন রাখেন, এবার মানুষ তা হতে দেবে কি না, এবং বলেন—জনগণ ভোট ডাকাতি করতে দেবে না।

তারেক রহমান বলেন, ২০২৪ সালের আন্দোলনের সময় গাজীপুর থেকে হাজার হাজার মানুষ ঢাকায় গিয়েছিল, গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বাধীনতা রক্ষায় গাজীপুরবাসীর বড় অবদান আছে। তিনি আরও বলেন, এই অবদান বৃথা যেতে দেওয়া যাবে না।

সমাবেশে নিজের শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, ভাওয়াল মাঠ ও আশপাশের এলাকায় তিনি ছোটবেলায় খেলাধুলা করেছেন এবং গাজীপুরবাসীর কাছে তার “হক” আছে উল্লেখ করে ধানের শীষকে জয়যুক্ত করার আহ্বান জানান।

তিনি জানান, “স্বৈরাচার বিদায়” হওয়ার পর এখন দেশ গড়ার পালা, মানুষের ভাগ্য পরিবর্তনের সময়—এজন্য ঐক্যবদ্ধ থাকা ও কাজ করার কথা বলেন। সমাবেশে তিনি গাজীপুরের পাঁচ আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের ভোট দেওয়ার আহ্বান জানান। তারা হলেন গাজীপুর-১ আসনে মজিবুর রহমান, গাজীপুর-২ আসনে এম মনজুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনে এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ আসনে শাহ রিয়াজুল হান্নান এবং গাজীপুর-৫ আসনে ফজলুল হক মিলন।

তারেক রহমান গাজীপুরে নতুন শিল্পপ্রতিষ্ঠান, মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড, শিল্প এলাকায় শিশুদের জন্য ডে-কেয়ার সেন্টার, যানজট নিরসনে জয়দেবপুর রেলক্রসিংয়ের ওপর ফ্লাইওভার, খাল খনন এবং কৃষক কার্ডের মতো পরিকল্পনার কথাও তুলে ধরেন। এসব বাস্তবায়নে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

সমাবেশে মহানগর সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে এবং এম মনজুরুল করিম রনি ও চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেন।

এরপর রাত ১টার দিকে উত্তরার ঈদগাহ মাঠে আরেকটি নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। সেখানে ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীরকে ধানের শীষে ভোট দিতে উত্তরাবাসীর প্রতি আহ্বান জানান। তিনি উত্তরায় গ্যাস-পানির সমস্যা, সরকারি হাসপাতাল স্থাপন, জলাবদ্ধতা দূর ও যানজট নিরসনে উদ্যোগের কথাও বলেন।

সমাবেশ শেষে রাত ১টা ২০ মিনিটে তিনি উত্তরা থেকে গুলশানের বাসার উদ্দেশে রওনা হন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ময়মনসিংহ থেকে দুপুরে নির্বাচনী সমাবেশ শুরু করেন তারেক রহমান এবং তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমানও ছিলেন।