সরকারি কর্মকর্তাদের এক জায়গায় পাঁচ বছরের বেশি চাকরি করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “তাহলে তার মাইন্ড সেট হয়ে যায়। সৃজনশীলতা নষ্ট হয়।” পাশাপাশি তিনি মনে করেন, প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ বছর পরপর নতুন করে শুরু করা উচিত, কারণ সময়ের সঙ্গে লক্ষ্য বদলালেও অনেক ক্ষেত্রে মানুষ পুরনো ধ্যান-ধারণা নিয়েই প্রতিষ্ঠানে বসে থাকে।
বুধবার দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বিদ্যমান ব্যবস্থার কিছু দিক “একটি দাস প্রথার শামিল” এবং উদ্যোক্তা তৈরিতে সরকারকে সহায়তা করতে হবে।
একই অনুষ্ঠানে তিনি বলেন, দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছিল, তেমনি ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো’ তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার উন্মোচন করবে। তাঁর মতে, জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করার পর যে বিক্ষোভ তৈরি হয়েছিল, তার কারণেই “মহাশক্তিশালী” এক সরকারের পতন ঘটেছিল।
ড. ইউনূস বলেন, এখন “ডিজিটাল খাতই মূল খাত”, কারণ এই খাত থেকেই পরিবর্তন আসবে এবং অন্যান্য সব খাতও প্রভাবিত হবে। তিনি জালিয়াতি প্রসঙ্গে বলেন, “বাংলাদেশ জালিয়াতিতে সেরা হয়েছে,” যা বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। প্রযুক্তিতে এগোতে হলে এই জালিয়াতি বন্ধ করার ওপরও তিনি গুরুত্ব দেন এবং বলেন, বাংলাদেশকে মাথা উঁচু করে চলার সামর্থ্য দেশের আছে।