আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা নিরসনে অনলাইন পদ্ধতি থেকে সরে এসে ম্যানুয়ালি কার্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, ম্যানুয়ালি কার্ড ইস্যুর বিস্তারিত প্রক্রিয়া খুব শিগগির জানিয়ে দেওয়া হবে। যারা অনলাইনে আবেদন করেছেন তারা করেছেন, তবে যারা করেননি তাদের আর অনলাইনে আবেদন করতে হবে না। সাংবাদিকরা সশরীরে নির্বাচন ভবনে এসে কার্ড সংগ্রহ করতে পারবেন।
এর আগে নির্বাচনি দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য কার্ড ও গাড়ির স্টিকার নিতে অনলাইনে আবেদন করার আহ্বান জানিয়েছিল ইসি। কিন্তু প্রক্রিয়াটি ‘ইউজার ফ্রেন্ডলি’ নয় বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
এদিকে সাংবাদিক নেতারা আগামী রোববার (১ ফেব্রুয়ারি) এর মধ্যে কার্ড ও স্টিকার জটিলতা নিরসনের আলটিমেটাম দিলে অনলাইন পদ্ধতি থেকে সরে এসে ম্যানুয়ালি কার্ড ইস্যুর সিদ্ধান্ত নেয় ইসি।