২০২৫-২৬ কর বছরে ব্যক্তি আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) একটি প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি।
এর ফলে ব্যক্তি করদাতারা কোনো জরিমানা ছাড়াই আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। এর আগে রিটার্ন দাখিলের সময়সীমা দুই দফায় এক মাস করে বাড়ানো হয়েছিল।
আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩৩৪ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। সরকারের পূর্বানুমোদনক্রমে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার (এইচইউএফ) করদাতাদের জন্য ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২৬-এর পরিবর্তে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনসংক্রান্ত সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে না পারলে ১৫ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণ উল্লেখ করে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে।