বিগত সরকারের আমলের তুলনায় এ বছর এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
প্রেস সচিব বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত চার জনের প্রাণহানি হয়েছে। এসব ঘটনা অনাকাঙ্ক্ষিত হলেও সামগ্রিকভাবে নির্বাচনী পরিবেশ আগের সরকারের সময়ের চেয়ে ভালো বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, ২০১৪ সালের আগে নির্বাচন-সহিংসতায় ১১৫ জন নিহত হয়েছেন—সে হিসাবের তুলনায় বর্তমান পরিস্থিতি ভালো এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিষ্ণুতাও তুলনামূলক বেশি রয়েছে।
সংবাদ সম্মেলনে শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডের প্রসঙ্গও ওঠে। উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সরকার ঘটনাটি পর্যবেক্ষণ করছে এবং বিভিন্ন ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। তিনি জানান, নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়েও সরকার সতর্ক রয়েছে। পুলিশকে জড়িতদের গ্রেফতারে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পরিবার মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে উল্লেখ করে তিনি বলেন, ঢালাও অভিযান নয়—প্রকৃত অপরাধীদের শনাক্ত করে তদন্তের ভিত্তিতেই পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় প্রেস সচিব আরও জানান, কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ, পারিবারিক সহিংসতা প্রতিরোধ, আমদানি নীতি অধ্যাদেশসহ মোট ১১টি অধ্যাদেশ পাস হয়েছে।