চাঁদপুর সদর উপজেলার ১৪ নম্বর রাজরাজেশ্বর ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ আওয়ামী লীগের তিন নেতার নেতৃত্বে প্রায় তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজরাজেশ্বর ইউনিয়নের গোয়ালনগর পাটওয়ারী বাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ বকাউল, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আবু বকর পাটোয়ারী এবং রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ইউপি সদস্য মো. জাহাঙ্গীর সরকার। তারা প্রায় তিন শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বিএনপিতে যোগ দেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
অনুষ্ঠানে ধানের শীষের প্রধান সমন্বয়কারী ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন মো. বাবর বেপারি, থানা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার নবাগতদের ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান।
বক্তারা জানান, ধানের শীষের বিজয় নিশ্চিত করা এবং বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে সমর্থন জানিয়ে তারা বিএনপিতে যোগ দিয়েছেন। যোগদানকারীরা আগামী দিনের রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকারও করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওসমান গাজী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাসেম চোকদার। উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন প্রধানিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি কবির চোকদার, থানা সমন্বয়কারী মাসুদ রায়হান, আমিন গাজী, বিএনপি নেতা জয়নাল বেপারী, শ্রমিক নেতা নয়ন, আইনজীবী নেতা অ্যাডভোকেট শামীম হোসেনসহ স্থানীয় নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জহির উদ্দিন মো. বাবর বেপারি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, এর ইতিবাচক প্রভাব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে প্রতিফলিত হবে।