ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহা. রেজাউল করিম বলেছেন, জামায়াত নয়, বিএনপি নয়—একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। তিনি দাবি করেন, বাংলাদেশের ইসলামের পক্ষে ব্যালটের বাক্স একটাই, আর তা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় কুড়িগ্রামের নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এবারের নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য দল তাদের নিজ নিজ রাজনৈতিক দর্শন অনুযায়ী দেশ পরিচালনা করতে চায়। বিএনপি তাদের জোটসহ প্রচলিত গণতন্ত্রের ধারণা অনুযায়ী রাষ্ট্র চালাতে চায়, যা তিনি আব্রাহাম লিংকনের গণতন্ত্রের সঙ্গে তুলনা করেন। অন্যদিকে জামায়াত ও তাদের নেতৃত্বাধীন জোটও বর্তমান প্রচলিত ব্যবস্থার মধ্যেই দেশ পরিচালনা করবে বলে মন্তব্য করেন তিনি। বিপরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের নীতি ও আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে জনগণের কাছে এসেছে বলে তিনি জানান।
জামায়াতকে উদ্দেশ্য করে মুফতি রেজাউল করিম বলেন, ইসলাম অর্থ শান্তি, অথচ ইসলামকে ঘিরে অশান্তি ও ভয়ের ধারণা তৈরি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ইসলামবিদ্বেষী একটি চক্র পরিকল্পিতভাবে ইসলামকে বিতর্কিত করে সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে দিয়েছে। তিনি প্রশ্ন তোলেন, ইসলাম কি আদৌ ভয়ের কোনো বিষয়?
কুড়িগ্রামের জনগণের ধর্মপ্রাণতার কথা উল্লেখ করে তিনি বলেন, কুড়িগ্রাম দ্বিতীয় চরমোনাই হিসেবে পরিচিত। নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও কচাকাটার মানুষ ইসলামপ্রিয় এবং ধর্মভীরু। এই কারণেই তাঁর পিতা কুড়িগ্রামকে দ্বিতীয় চরমোনাই বলে উল্লেখ করেছিলেন বলে তিনি স্মরণ করেন।
কুড়িগ্রাম-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারিসুল বারী রনির বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আল্লাহর রহমতে হাতপাখা প্রতীকে রনি বিজয়ী হবেন ইনশাআল্লাহ। এ সময় তিনি হারিসুল বারী রনির হাতে হাতপাখা তুলে দিয়ে ভোটারদের কাছে তাকে আমানত হিসেবে রেখে যাওয়ার কথা বলেন এবং হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন প্রার্থী হারিসুল বারী রনি। সভায় সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতারাও বক্তব্য রাখেন।