নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে সারাদেশে নারী হেনস্তা, হামলা এবং কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা শাখার ঘোষিত সমাবেশ স্থগিত করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি (শনিবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশটি আয়োজনের কথা ছিল।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ‘অনিবার্য কারণে’ সমাবেশটি স্থগিত করার কথা জানানো হয়। তবে পরবর্তী কর্মসূচি বা নতুন তারিখ সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে গত মঙ্গলবার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মো. তাহের এই সমাবেশের ঘোষণা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদ এবং তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কর্মসূচিটি নেওয়া হয়েছে। একই সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, নির্বাচনে জামায়াতের নারী সদস্যরা সক্রিয় থাকায় তাদের ওপর আক্রমণ ও ভীতি প্রদর্শন করা হচ্ছে এবং ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে দুর্বলতা রয়েছে বলেও মন্তব্য করেন।