ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া–৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা অভিযোগ করেছেন, নির্বাচনী প্রচারণার সময় তার মাকে লাঞ্ছিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বাক্স ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।
মুফতি আমির হামজা তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বলেন, মহিলাদের কাছে ভোট চাইতে যাওয়ার সময় রাস্তার মধ্যে তার “সম্মানিত আম্মাকে” অপমানিত ও লাঞ্ছিত করা হয়। তিনি অভিযোগ করেন, ওই সময় তাদের মহিলা কর্মীরা ভোট চাইতে গেলে যুবদল নেতা নাসিরের নেতৃত্বে নারীদের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয় এবং লিফলেট কেড়ে নেওয়া হয়। হামজার ভাষ্য অনুযায়ী, নারীদের দিকে হামলার উদ্দেশ্যে কয়েকজন বারবার তেড়ে আসে এবং তার মায়ের সঙ্গেও “খুবই বাজে ব্যবহার” করা হয়েছে।
পোস্টে তিনি বলেন, নারীদের ওপর এ ধরনের আচরণ রাজনৈতিক সহনশীলতার চরম লঙ্ঘন। পাশাপাশি তিনি দাবি করেন, ভোট চাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার এবং সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা জনগণ মেনে নেবে না।
ঘটনার বিষয়ে তিনি প্রশাসনের কাছে সংশ্লিষ্টদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্বকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান।