ফরিদপুর-১ আসনে নির্বাচনী সহিংসতা: দুই সমর্থককে ছুরি দিয়ে কুপিয়ে জখম

0
44

বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার খানের দুই সমর্থককে ছুরি দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের এক সমর্থকের বিরুদ্ধে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের দস্তুরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার খানের সমর্থক রবিন ও আলিফ ব্যানার টানাতে গেলে বিএনপি সমর্থক জিহাদ বাধা দেন। একপর্যায়ে জিহাদ ছুরি দিয়ে রবিন ও আলিফকে আঘাত করেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার খান অভিযোগ করে বলেন, জাহাপুর ইউনিয়নের মাঝকান্দি–ভাটিয়াপাড়া সড়কে সাবেক ইউপি চেয়ারম্যান ইছাহাক মিয়ার বাড়ির কাছে ব্যানার টানাতে গেলে বিএনপি সমর্থক জিহাদ হুমকি দিয়ে বলেন, এটি বিএনপির এলাকা—অন্য কোনো প্রার্থীর প্রচার করা যাবে না। পরে কিছুটা দূরে ব্যানার টানালে জিহাদ ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে হামলা চালান। তিনি প্রশ্ন তুলে বলেন, এভাবে সহিংসতা হলে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ কীভাবে নিশ্চিত হবে?

এ বিষয়ে অভিযুক্ত জিহাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম বলেন, এমন কোনো ঘটনার কথা তার জানা নেই। তিনি দাবি করেন, তার সমর্থকরা সহিংস রাজনীতিতে জড়িত নয় এবং ঘটনার পেছনে অন্য কারণ থাকতে পারে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাইজুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করা যায়নি। তিনি বলেন, ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে—এটি সত্য, তবে কে কার সমর্থক তা নিশ্চিত নয়। এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।