বরিশালের মুলাদী উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং হাতবোমা তৈরির বিস্ফোরক ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে জড়িত থাকার অভিযোগে নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে মুলাদীর আরিফ মাহমুদ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুলাদী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর তৌফিক এসব তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত উপজেলার সফিপুর ইউনিয়নের বালিয়াতলী ও মন্তাজপুর এলাকার প্রত্যন্ত অঞ্চলে মুলাদী ও হিজলা সেনা ক্যাম্পের সদস্যরা অভিযান চালান।
সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হিজলা সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জাহিদের নেতৃত্বে ৩০ জন এবং মুলাদী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর তৌফিকের নেতৃত্বে ৫৫ জনসহ মোট ৮৫ জন সেনাসদস্য নিয়ে অস্ত্র ও মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি রিভলবার, বিপুল পরিমাণ রামদা ও অন্যান্য দেশীয় অস্ত্রের পাশাপাশি হাতবোমা তৈরিতে ব্যবহৃত বিস্ফোরক দ্রব্য ও সরঞ্জাম উদ্ধার করা হয়।